অবশেষে ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ তুরস্কের

প্রায় দুই বছর অনুপস্থিতির পর ইসরায়েলে নতুন একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর গত সপ্তাহে জানিয়েছে, ৪০ বছর বয়সী উফুক উলুতাসকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবে এই নিয়োগ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।উফুক উলুতাসকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে ২০১৮ সালে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পর ২০১৮ সালের মে মাসে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক।

ওই সিদ্ধান্তের দুই বছরেরও বেশি সময় পর উফুক উলুতাসকে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্ক। আল মনিটরের খবরে উলুতাসকে খুবই মার্জিত, খুবই বুদ্ধিমান এবং ফিলিস্তিনপন্থী বলে বর্ণনা করা হয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞও তিনি। তবে তিনি পেশাদার কূটনীতিক নন।

ইসরায়েলের সঙ্গে তুরস্ক ২০১০ সালে প্রথমবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ওই বছর ইসরায়েলি অবরোধ ভেঙে তুরস্কের দশ জন ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্ট গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টা করলে তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। ২০১৬ সালে সম্পর্ক পুনঃস্থাপিত হলেও ২০১৮ সালে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে আবার সেই সম্পর্ক তিক্ত হয়ে পড়ে।