আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন বাইডেন

আগামী সপ্তাহে করোনা টিকা নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)। মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সংশয় দূর করতে জনসম্মুখে এ টিকা নেবেন তিনি। বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।noname

বুধবার এক অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নেওয়ার দিনক্ষণ জানানো হবে না। চিকিৎসকদের পরামর্শে যথাসময়েই টিকা নেবেন তিনি।

হোয়াইট হাউজের মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেছেন, প্রেসিডেন্ট খোলা মনেই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অবশ্য শুক্রবার টিকা নেবেন বলে জানা গেছে।

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে করোনার টিকা গ্রহণ করেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে। টিকা গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, আলাদাভাবে টিকা গ্রহণের মতোই অনুভূতি হয়েছে তার।

তিনি বলেন, ভালো লাগছে। আমি সম্মুখ সারির সব কর্মী, আমার যেসব সহকর্মী বিশ্বজুড়ে এই মহামারি মোকাবিলায় অসাধারণ ভূমিকা রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি আশাবাদী, স্বস্তি অনুভব করছি। মনে হচ্ছে যে উপশম চলে আসছে। আশা করছি এর মধ্য দিয়ে আমাদের ইতিহাসের এক ব্যথাতুর সময়ের অবসান শুরু হবে।