ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা গ্রিন জোনে আটটি কাটইয়ুশা রকেট আঘাত হানে। হামলার কারণে দূতাবাস প্রাঙ্গণ খানিক ক্ষতিগ্রস্ত হলেও কোনও প্রাণহানি হয়নি। ইরাকি সেনাবাহিনী ও মার্কিন দূতাবাস কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
ইরাকি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, রবিবার একটি ‘নিষিদ্ধ’ সংগঠন এ রকেট হামলা চালিয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত করেছে গ্রিন জোনে অবস্থিত একটি আবাসিক এলাকা নিরাপত্তা ফাঁড়িতে। এতে কয়েকটি ভবন ও কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় এক ইরাকি সেনা।
হামলার সঙ্গে সঙ্গে গ্রিন জোনে থাকা সাইরেনগুলো বাজতে শুরু করেছিল। গ্রিন জোনে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, এন্টি রকেট সিস্টেম ব্যবহার করে একটি রকেটকে ঠেকানো সম্ভব হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সকল ইরাকি রাজনৈতিক ও সরকারি নেতার প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।