পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃত্যুতে অস্বাভাবিক কিছু পায়নি কানাডার পুলিশ

নির্বাসিত পাকিস্তানি মানবাধিকার কর্মী কারিমা বালুচের মরদেহ উদ্ধারের ঘটনায় কোনও অপরাধের যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে কানাডার পুলিশ। টরেন্টো পুলিশের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

পাকিস্তান রাষ্ট্র ও সেনাবাহিনীর কঠোর সমালোচক অধিকারকর্মী কারিমা বালুচ গত রবিবার নিখোঁজ হওয়ার পর তার সন্ধান চেয়ে আবেদন জানায় পুলিশ। পরে তার বন্ধুরা মৃতদেহ পাওয়ার কথা জানায়। এ ঘটনা তদন্তের আহ্বান জানায় বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

টরেন্টো পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কারিমার মৃত্যুতে কোনও অপরাধের সংযোগের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তার অপরাধহীন মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্ত পৌঁছেছেন কর্মকর্তারা। এই সিদ্ধান্তের কথা তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কারিমা বালুচের পরিবারের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার স্বামী হামাল হায়দার জানিয়েছিলেন, কারিমা বেশ কিছু দিন ধরেই মৃত্যুর হুমকি পাচ্ছিলেন।