গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, এসব হামলায় অন্তত দুই ব্যক্তি আহত ও বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার গাজার পূর্বাঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। খোলা মাঠসহ বিভিন্ন স্থানে চালানো এই হামলায় ছয় বছরের এক মেয়ে শিশু এবং ২০ বছরের এক তরুণ আহত হয়েছে।noname

ইসরায়েলের দাবি, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের জবাবে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার রাতে ওই হামলার কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর আশকেলনে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, রকেট হামলাটি প্রতিহত করে দিয়েছে সেনাবাহিনীর আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

ওই হামলার জবাবে হামাসের উৎপাদন এলাকা এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালানো হয় বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদ্রায়ি।

গাজা উপত্যকার কোনও ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেনি। গাজা থেকে চালানো সব হামলার জন্য সেখানকার শাসক দল হামাসকে দায়ী করে থাকে ইসরায়েল।