শ্রদ্ধা জানাতে ক্যাপিটল হিলে রাখা হবে সেই পুলিশ কর্মকর্তার মরদেহ

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ওই একই স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহতের প্রতি সম্মান প্রদর্শন করে তার মরদেহ দুইদিন ধরে ক্যাপিটল হিলের রোটুন্ডা হলে রাখা হবে। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট মেজরিটি লিডার চাক শুমারকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত ৬ জানুয়ারি নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। সেদিন বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিককে হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর মারা যান তিনি।

ন্যান্সি পেলোসি ও চাক শুমারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রায়ান সিকনিক সেবা দিতে গিয়ে যে আত্মদান করেছেন, তার জন্য শোক, কৃতজ্ঞতা ও গভীর প্রশংসা জানানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কংগ্রেস ঐক্যবদ্ধ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্যাপিটলে চালানো সহিংসতা মোকাবিলায় পুলিশ কর্মকর্তা সিকনিক এবং ক্যাপিটল পুলিশ বাহিনী যে বীরত্ব দেখিয়েছে তাতে জীবন বেঁচেছে, আমাদের গণতন্ত্রের ঘরকে রক্ষা করেছে এবং সংবিধানের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা পালনের ক্ষেত্রে কংগ্রেসকে বিচ্যুত করা যাবে না-এ বিষয়টিও নিশ্চিত করেছে। তার (সিকনিক) আত্মদান আমাদেরকে দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্বের কথা প্রতিদিন স্মরণ করিয়ে দেয়।’

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ২ ফ্রেব্রুয়ারি ব্রায়ান সিকনিকের মরদেহ ক্যাপিটল হিলে নেওয়া হবে। ইউএস ক্যাপিটল পুলিশ (ইউএসসিপি) ও কংগ্রেস সদস্যরা দুইদিন ধরে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। এরপর তাকে আরলিংটন জাতীয় সমাধিতে সমাহিত করা হবে।

সিকনিকের মৃত্যু কীভাবে হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ইউএসসিপি বলেছে, দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার পর সে আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কংগ্রেস ভবনে সহিংসতাকারীদের ঠেকাতে গিয়ে একটি অগ্নি নির্বাপক যন্ত্রের আঘাত পেয়েছিলেন। তবে তাকে ওই যন্ত্রটি দিয়ে কেউ ইচ্ছে করে আঘাত করেছে নাকি তিনি নিজে থেকে আঘাত পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।