ক্রিস গেইলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

ক্রিকেট তারকা ক্রিস গেইল ও সাংবাদিক মেল ম্যাকলাফলিন

জ্যামাইকান ক্রিকেট তারকা ক্রিস গেইলের বিরুদ্ধে নারী সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় বিগ ব্যাশ লিগের খেলা শেষে সাক্ষাৎকারের সময় ওই টেলিভিশন সাংবাদিকের সঙ্গে লাস্যময় বাক্য ব্যবহার  করে সমালোচিত হন গেইল। 

টেলিভিশন রিপোর্টার মেল ম্যাকলাফলিন গেইলকে তার ইনিংসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনার কাছে সাক্ষাৎকার দিতে চেয়েছিলাম বলেই এত ভালো খেলেছি।’ এ কথার পরও ম্যাকলাফলিন কোন প্রতিক্রিয়া না দেখালে গেইল বলেন, ‘আপনার চোখগুলো খুবই সুন্দর, আমরা এই খেলা জিতে গেলে একসঙ্গে পান করতে পারি, আপনি লজ্জা পাবেন না।'
এরপর সাংবাদিক ম্যকলাফলিন স্বাভাবিক কণ্ঠে জানান, তিনি আদৌ লজ্জা পাচ্ছেন না।

টুইটারে বিগ ব্যাশ আয়োজকের কৈফিয়ত

এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিগ ব্যাশ লিগের আয়োজকরা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানান, গেইলের আচরণ অসম্মানজনক ও অযথার্থ ছিল।
আবার একই সঙ্গে উল্টো সমালোচনাও দেখা গেছে সামাজিক মাধ্যমে। লৈঙ্গিক হয়রানির ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ডের প্রসঙ্গও তুলেছেন অনেকে। তারা বলেছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা যখন পুরুষ সাংবাদিকের সঙ্গে ফ্লার্ট করেছিলেন, তখন তো তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ ওঠেনি, তাহলে গেইলকে কেন হয়রানির জন্য অভিযুক্ত করা হবে! সূত্র: স্ক্রল.ইন

/ইউআর/