নারীদের সঙ্গে বসতে নারাজ সৌদি পুরুষ কাউন্সিলররা!

সৌদি আরবের পৌর নির্বাচনসৌদি আরবের জেদ্দায় নতুন পৌর কাউন্সিলের প্রথম বৈঠকেই নারী-পুরুষ এক টেবিলে বসা নিয়ে বিতর্ক হয়েছে। আরব নিউজ খবরটি নিশ্চিত করেছে।
গত বছর ১২ ডিসেম্বর সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগসহ নির্বাচনি লড়াইয়ে নামেন দেশটির নারীরা। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ২০১১ সালে করা ডিক্রি অনুযায়ী প্রথমবারের মতো দেশের পৌর কাউন্সিল নির্বাচনে অংশ নেন তারা। নির্বাচনে ১৮ জন নারী কাউন্সিলর নির্বাচিত হন।
আরব নিউজের খবরে বলা হয়, জেদ্দার পুরুষ কাউন্সিলররা তাদের সহকর্মী দুই নারী কাউন্সিলরের সঙ্গে বসতে রাজি না হওয়ার এক পর্যায়ে টেবিলে পার্টিশন দিয়ে দুই নারী কাউন্সিলর লামা আল সুলাইমান আর রাশা হাফাতিকে পুরুষদের থেকে আলাদা করে দেওয়া হয়। তবে লামা আল সুলাইমান এই নিয়ে অভিযোগ তোলেন। এরপর এই পার্টিশন তুলে নেওয়া হয়।
এখানেই শেষ নয়। আরব নিউজ জানাচ্ছে, নারী কাউন্সিলরদের সঙ্গে ছবি তোলা নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন পুরুষ কাউন্সিলররা।
উল্লেখ্য, কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচন করতেই ওই বৈঠক ডাকা হয়েছিলো।

/বিএ/