গত ২ জানুয়ারি ভোরে পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ৭ সেনা সদস্য ও ৬ হামলাকারী নিহত হন। ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের ৬ জঙ্গি পাঠানকোটের ওই বিমানঘাঁটিতে হামলা চালায়।
এ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে ফোনালাপও সম্পন্ন হয়েছে।
সেই আলাপে পাকিস্তানের তরফে প্রতিশ্রুতি দেয়া হয় যে হামলাকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এরপর পাকিস্তানে দুই দফা বৈঠক করে সেদেশের প্রধানমন্ত্রী ভারতকে তদন্ত কাজে সহযোগিতার আশ্বাসও দেন।
এমন প্রেক্ষাপটে শনিবার নওয়াজ শরিফকে টেলিফোন করেন কেরি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত-পাকিস্তানের শান্তি আলোচনা অব্যাহত রাখা জরুরি বলে মত দেন তিনি। পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার তদন্ত নিয়ে ভারতের সঙ্গে তৈরি হওয়া পরিস্থিতি সচেতনভাবে সামলানোর জন্য নওয়াজের প্রশংসা করেন কেরি। পাঠানকোটের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তরফে সব ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সেসময় পাকিস্তান খুব দ্রুততার সঙ্গে ঘটনাটির তদন্ত চালাচ্ছে দাবি করে নওয়াজ বলেন, ‘শিগগিরই পাঠানকোটের হামলার ঘটনার সত্যতা উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।’
এর আগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন,‘পাকিস্তান প্রকাশ্যে বলেছে, তারা ওই ঘটনা খতিয়ে দেখছে। তারা প্রকাশ্যে বলেছে যে সন্ত্রাসীদের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। আমরা এই কথার বাস্তবায়ন দেখতে চাই।’
সূত্র: ডন, এনডিটিভি
/এফইউ/বিএ/