বাংলাদেশসহ তিন দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। বাকি দুই দেশে হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে তারা কোনও যাত্রী পরিবহন করবে না।
এই তিন দেশ থেকে গত ১৪ দিনে আমিরাতে যাওয়ার জন্য যারা সংযুক্ত হয়েছেন তাদেরও এখন দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে আমিরাতের নাগরিক, দেশটির গোল্ডেন ভিসাধারী ব্যক্তি এবং কূটনৈতিক মিশনের যেসব সদস্য কোভিড বিধি মেনে চলেছেন তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী ফ্লাইট স্থগিতের একদিনের মাথায় এ অঞ্চলের আরও তিন দেশের জন্য একই ঘোষণা দিলো এমিরেটস।
উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে বিশ্বের শখানেক দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রবিবার আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ৫৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।