সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রয়োজন। ওই শহরের অন্তত ৪০০ মানুষকে দ্রুত চিকিৎসার জন্য বাইরে বের করে আনা আবশ্যক বলে জানিয়েছে জাতিসংঘের এক প্রতিনিধি।
জাতিসংঘের নিউজিল্যান্ড প্রতিনিধি গেরার্ড ভ্যান বোহেমেন বলেন, ‘অন্তত ৪০০ মানুষকে দ্রুততম সময়ে শহর থেকে বের করে আনতে হবে ও চিকিৎসা সেবা দিতে হবে। এ জন্য সরকারের অনুমতি প্রয়োজন।’
সোমবার জাতিসংঘের ত্রাণ পৌঁছেছে মাদায়া শহরে।জাতিসংঘের ৪৪টি গাড়ির এক বহর, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি, সিরিয়ার রেড ক্রিসেন্ট ও বিশ্ব খাদ্য প্রকল্প দামেস্ক থেকে মাদায়া পৌঁছায়।
প্রসঙ্গত, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং লেবানন সীমান্তের ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই মাদায়া শহর। গত ছয় মাস ধরে সরকারি বাহিনী এবং তাদের মিত্র লেবাননের হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকায় শহরটির ওপর আরোপ করা হয়েছে নানা নিষেধাজ্ঞা। ফলে গত ছয় মাসে ওই শহরে বাইরে থেকে কোন খাদ্যসামগ্রী প্রবেশ করেনি।সূত্র:বিবিসি
/ইউআর/