ইবোলামুক্ত হলো পশ্চিম আফ্রিকা

লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণাসিয়েরা লিওন আর গিনির পর এবার ইবোলামুক্ত ঘোষণা করা হলো লাইবেরিয়াকেও। ৪২ দিনের মধ্যে নতুন কোনও ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত না হওয়ায় বুধবার দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। আর এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে ইবোলামুক্ত হলো পশ্চিম আফ্রিকা। লাইবেরিয়াই ছিল পশ্চিম আফ্রিকার শেষ দেশ যেখানে ইবোলার প্রাদুর্ভাব বহাল ছিল।
তবে ইবোলামুক্ত ঘোষণা করা হলেও পশ্চিম আফ্রিকার ব্যাপারে এখনই শঙ্কামুক্ত হচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আশঙ্কা পশ্চিম আফ্রিকায় আবারও যেকোনও সময় ইবোলার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে পারে। তবে মার্চের শেষ নাগাদ পশ্চিম আফ্রিকার ইবোলাপ্রবণ দেশ তিনটিতে ইবোলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।
এর আগে গত নভেম্বরে সিয়েলা লিওন আর গত ডিসেম্বরে গিনিকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়। লাইবেরিয়াকেও দুই দফায় ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে এরপরও দেশটিতে নতুন করে ইবোলা আক্রান্ত শনাক্ত হয়।

ইবোলা ভাইরাসের কারণে কেবল লাইবেরিয়াতেই প্রাণ হারিয়েছে ১১ হাজারেরও বেশি মানুষ।

এদিকে রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসবিরোধী ভ্যাক্সিন আবিষ্কার করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমরা ইবোলা প্রতিহত করার মত ভ্যাক্সিন আবিষ্কার করেছি। পরীক্ষা করে দেখা গেছে এই ভ্যাক্সিন খুবই কার্যকর। এ যাবতকালে এই রোগের জন্য এতটা কার্যকর ভ্যাক্সিন পৃথিবীতে কেউই তৈরি করতে পারেনি।’ সূত্র: আলজাজিরা

/এফইউ/