বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের সামান্য অংশেই বিশ্বের ক্ষুধা সমস্যার সমাধান হতে পারে বলে জাতিসংঘ কর্মকর্তার দাবিকে চ্যালেঞ্জ করেছেন ইলেক্ট্রিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলার এই প্রধান।
সম্প্রতি বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসনে ইলন মাস্কের মতো ধনকুবেরদের সম্পদের সামান্য অংশ দান করে দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বেসলি। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে চ্যালেঞ্জ করেন ইলন মাস্ক।
বেসলি বিশেষত ইলন মাস্ক এবং অ্যামাজন.কমের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের নাম উল্লেখ করেন। এই দুইজনের বিপুল সম্পদ থেকে মাত্র ছয়শ’ কোটি ডলার সহায়তা পেলে চার কোটি ২০ লাখ মানুষকে মৃত্যু ঠেকানো যাবে বলে উল্লেখ করেন ডেভিড বেসলি।
বেসলির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচি যদি স্বচ্ছ এবং খোলামেলা হিসাব ব্যবহার করে ব্যাখ্যা করতে পারে যে, ঠিক কিভাবে ছয়শ’ কোটি ডলার ক্ষুধা সমস্যা নিরসন করতে পারে তাহলে আমি টেসলার কিছু শেয়ার এখনই বিক্রি করে দেবো আর তা মেনে নেবো।’ পরে আরেক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, 'কিন্তু এটা অবশ্যই ওপেন সোর্সের হিসাব হতে হবে যাতে করে মানুষ ঠিকভাবে দেখতে পারে যে এই অর্থ কিভাবে খরচ হয়েছে।'
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত সপ্তাহে আরও বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে টেসলার মোট সম্পদের পরিমাণ এক লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ইলন মাস্কেরই বর্তমান মোট সম্পদ ৩১ হাজার একশ’ কোটি ডলারের বেশি।