ব্রাদারহুডকে ঠেকাতেই নাজিবকে অর্থ দিয়েছিল সৌদি

নির্বাচন জিততে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ৬৮ কোটি ১০ লাখ ডলার প্রদান করেছিল সৌদি আরব। দেশটিতে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ঠেকাতেই তাকে এ অর্থ দেওয়া হয়েছিল।

noname

সৌদি সূত্রের বরাতে বিবিসি বলছে, ২০১৩ সালের নির্বাচনে জিততে নির্বাচনি প্রচারণার জন্য তাকে উপঢৌকন হিসেবে ওই অর্থ প্রদান করা হয়। তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহ অর্থ প্রদানের বিষয়টি অনুমোদন করেছিলেন।

এর আগে গুঞ্জন উঠেছিল, মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি (১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) থেকে ওই অর্থ দেশটির প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। তবে সে সময়, ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন নাজিব রাজাক।

মালয়েশিয়ার সরকারবিরোধী জোটে রয়েছে দেশটির ইসলামপন্থী দল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস)। এ দলটির উদ্যোক্তারা মুসলিম ব্রাদারহুডের দর্শন দ্বারা অনুপ্রাণিত। দেশটিতে ব্রাদারহুডের চিন্তাভাবনার প্রতি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমর্থন রয়েছে।

যে নির্বাচনের জন্য সৌদি উপঢৌকন বা অনুদান নেওয়া হয়েছিল সে নির্বাচনে অবশ্য জয় পায় নাজিব রাজাকের দল। তবে নির্বাচনে ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে ফলাফলের সম্মুখীন হয় দলটি।

এর আগে নাজিব রাজাকের বিরুদ্ধে ওঠা ৬৮ কোটি ১০ লাখ ডলারের দুর্নীতির অভিযোগ নাকচ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি জানিয়েছেন,সৌদি রাজপরিবার থেকে ব্যক্তিগত অনুদান হিসেবেই নাজিব রাজাকের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ স্থানান্তরিত হয়েছিল।

এক বিবৃতিতে মোহামেদ আপানদি বলেন,সৌদি রাজপরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের কারণেই তাকে এ অর্থ দেওয়া হয়েছিল। এগুলো উপঢৌকন বা ঘুষ হিসেবে দেওয়া হয়নি।

দুর্নীতিবিরোধী তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ মেলেনি।  তাই এ বিষয়ে নাজিব রাজাকের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান দেশটির অ্যাটর্নি জেনারেল। সূত্র: বিবিসি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

/এমপি/বিএ/