প্রতিদিনের মতো মঙ্গলবারও প্রিয় শিক্ষার্থীদের স্কুলের বাসে তুলে দিচ্ছিলেন সুসান। বাচ্চারা যখন গাড়িতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, তখন হঠাৎ বেসামাল গতিতে একটি বাসকে ছুটে আসতে দেখেন তিনি।
জীবনবাজি রেখে বাচ্চাদের রাস্তা থেকে সরাতে থাকেন তিনি। একে একে ১০ শিশুর জীবন রক্ষা করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত নিজের প্রাণ হারান সুসান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সুসান যে ১০ শিশুর জীবন রক্ষা করেছেন তাদের অবস্থাও গুরুতর। তবে কারও জীবনহানির শঙ্কা নেই।
প্রিয় শিক্ষকের মৃত্যুতে বুধবারের সকল ক্লাস স্থগিত করেছে দ্য মেট্রোপলিটন স্কুল ডিস্ট্রিক্ট অব লরেন্স টাউনশিপ কর্তৃপক্ষ। সুসান জর্ডানের অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছে স্কুল বোর্ড। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। আর তাতে অংশ নিয়েছে গোটা স্কুল।
সুসানের কথা স্মরণ করে এক শিক্ষার্থী বলেন, ‘আমি বড় হয়ে তার মতো হতে চাই। তিনি দয়ালু ছিলেন। যত্নবানও ছিলেন। একইসঙ্গে স্নেহময়ী ও পেশাদার ছিলেন।’ ভিডিওতে বক্তব্য দেওয়া আরেক নারী বলেন, ‘সুসান ছিলেন সৌন্দর্যের সংজ্ঞা।’ আর ভিডিওর শেষে বলা হয়, ‘আমরা আপনাকে ভালোবাসি সুসান জর্ডান! এতো বছরের নেতৃত্বের জন্য ধন্যবাদ।’ সূত্র: সিএনএন
/এফইউ/বিএ/