ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠাবে যুক্তরাষ্ট্র: বাইডেন

ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহায়তায় মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাইডেন বলেন, ইউক্রেনে ‘আরও উন্নত রকেট সিস্টেম ও যুদ্ধাস্ত্র’ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন।

সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধক্ষেত্রে এবং শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থান জোরদারের জন্য কিয়েভকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

ইউক্রেনে বিনা প্ররোচনায় আগ্রাসন, প্রসূতি হাসপাতাল ও সংস্কৃতির কেন্দ্রগুলোতে বোমা হামলা এবং লাখ লাখ মানুষের বলপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করেন বাইডেন।

ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর সিদ্ধান্তটি হোয়াইট হাউজের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, সোমবার বাইডেন নিজেই বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারে এমন রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, নতুন অস্ত্রের প্যাকেজটির নানা দিক বুধবার নির্ধারিত হতে যাচ্ছে। এতে মাঝারি পাল্লার রকেট অন্তর্ভুক্ত রয়েছে যা প্রায় ৭০ কিলোমিটার যেতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন আশ্বাস দিয়েছে যে তাদের বাহিনী রুশ ভূখণ্ডে এসব রকেট নিক্ষেপ করবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দাবি করেছেন, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্যই তার দেশ পশ্চিমাদের কাছে দীর্ঘ পাল্লার সামরিক সরঞ্জাম চেয়েছে, রাশিয়ার ওপর হামলার জন্য নয়। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ভয়েস অব আমেরিকা।