আইওয়া অঙ্গরাজ্যে ককাসের পর হিলারি ক্লিনটনের শিবির বলছে, তারাই এগিয়ে আছেন এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এখন আর কোনভাবেই হিলারিকে টপকাতে পারবেন না।
একটি নির্বাচনি এলাকার ফল এখনো ঘোষিত হয়নি। তবে সেখানেও অতি অল্প ব্যবধানে হিলারিই এগিয়ে আছেন। কিছু কিছু নির্বাচনি এলাকায় 'টস' করে ফল নির্ধারিত হয়েছে।
হিলারি ক্লিনটন বলেছেন, ফলাফলের পর তিনি স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
সর্বশেষ খবর অনুযায়ী, হিলারি এবং স্যান্ডার্স উভয়েই ৫০ শতাংশের মতো ভোট পেয়েছেন, কিন্তু প্রাপ্ত ভোটের হিসেবে হিলারির ডেলিগেটের সংখ্যা ২২ জন, এবং স্যান্ডার্সের ডেলিগেট ২১ জন।
সবচেয়ে বেশি অঙ্গরাজ্যে যে প্রার্থী জিতবেন - তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী হবেন।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।
ক্রুজ রিপাবলিকান ভোটের ২৮ শতাংশ পেয়েছেন এবং ট্রাম্প পেয়েছেন ২৪ শতাংশ।
ক্রুজ বিজয়ের পর বলেছেন - এই ফলাফল প্রমাণ করে যে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা মিডিয়ার ঠিক করার বিষয় নয়। সূত্র: বিবিসি
/এমএসএম/বিএ/আপ-এনএস/