জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১০

জার্মানিতে ট্রেন দুর্ঘটনাজার্মানিতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দেড়শ জন। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার মিউনিখের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাভারিয়া রাজ্যের বাড আইব্লিং এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে৷
ট্রেন দুটি রোজেনহাইম ও হোলৎসকির্শেন এলাকায় চলাচল করে থাকে।  
স্থানীয় পুলিশের বরাত দিয়ে নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছে বিবিসি।
গত কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা৷
আঞ্চলিক ট্রেন কোম্পানি মেরিডিয়ান বলেছে, একই লাইনে ঘটা এ সংঘর্ষে দুটো ট্রেনই আংশিক লাইনচ্যুত হয়ে একটি আরেকটির সঙ্গে আটকে গেছে। বগিগুলো উল্টে গেছে।

দুর্ঘটনাস্থলে জরুরিভিত্তিতে চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্ঘটনাস্থলের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং রোজেনহাইম ও হোলৎসকির্শেন এলাকার মধ্যকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধার তৎপরতার পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এনএস/এমএসএম