প্রাচীন সিল্ক রোড দিয়ে সোমবার ইরানের রাজধানী তেহরান পৌঁছেছে চীনের একটি পণ্যবাহী ট্রেন। চীন থেকে তেহরান যেতে ট্রেনটির সময় লেগেছে মাত্র ১৪ দিন। এ সময়ের মধ্যে মোট ১০ হাজার ৩৯৯ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ট্রেনটি।
চীনের জিনজিয়াং প্রদেশের বাণিজ্য কেন্দ্র ই ওয়াং শহর থেকে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করেছিল এ মালবাহী ট্রেন।
ট্রেনটিতে বাণিজ্যিক পণ্যবাহী ৩২টি কন্টেইনার রয়েছে। নতুন সিল্ক রোড দিয়ে চীন থেকে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ট্রেনটি তেহরানে এসে পৌঁছায়।
ইরানের রেল বিভাগের প্রধান মোহসেন পুরসাইয়্যেদ আকায়ি জানান, ১৪ দিনে ১০ হাজার ৩৯৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনা ট্রেনের ইরানে পৌঁছানো নজিরবিহীন ঘটনা। স্বাভাবিক অবস্থায় এত দীর্ঘ পথ পাড়ি দিতে ৩০ দিন লাগার কথা। সিল্ক রোড চালু করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
ইরানের এ কর্মকর্তা জানান, প্রতি মাসে একটি করে ট্রেন আসবে। তবে প্রয়োজন হলে তা বাড়ানো হবে।
তিনি জানান, চীনের সাংহাই সমুদ্রবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী জাহাজ ইরানের বন্দর আব্বাসে ভিড়তে যে সময় লাগে তার চেয়ে এ ট্রেনের তেহরান এসে পৌঁছাতে ৩০ দিন কম সময় লেগেছে। এ রোড তেহরান এসে থেমে যাবে না বরং তা ইউরোপ পর্যন্ত যাবে।
সিল্ক রোডে আসা চীনা ট্রেনকে স্বাগত জানাতে তেহরানের রেলরোড স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: ইয়াহু।
/এমপি/