বাহরাইনে চার মার্কিন সাংবাদিক গ্রেফতার

বাহরাইনে শিয়াদের একটি আন্দোলনের বর্ষপূর্তিতে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের চার সাংবাদিককে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, রবিবার সিতরা নামের শিয়া নগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় ওই চার আমেরিকান সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। 

এক মুখোশধারী বিক্ষোভকারী

এদিকে বাহরাইনের গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ওই গ্রেফতারের সংবাদ প্রকাশ করা হলেও প্রাথমিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।পরে ওই বিবৃতিটিকে হালনাগাদ করে জানানো হয়, ওই সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের নাগরিক। আনা তেরেসা ডে নামের ওই সাংবাদিকের সঙ্গে রয়েছেন তার তিন সহকারী ও ক্যামেরা পারসন।

বাহরাইন কর্তৃপক্ষ দাবি করে, ওই সাংবাদিকদের মধ্যে একজন মুখোশ পরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অন্য তিনজনকে নিরাপত্তা ফাঁড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিক আনা তেরেসা ডে

তারা আরও দাবি করে, ‘তারা আমাদের অনুমতি ছাড়াই নিজেদের সাংবাদিকতা চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়াও তারা বেআইনি কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।’

এদিকে, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আনা তেরেসা ডের পরিবার থেকেও এক বিবৃতি প্রকাশ করা হয়েছে।সেখানে দাবি করা হয়, আনা কোন বেআইনি কর্মকাণ্ডে অংশ নেননি। বাহরাইন যে সমস্ত তৎপরতাকে বেআইনি বলে দাবি করছে সে সকল কর্মকাণ্ড ছাড়া সাংবাদিকতা করাই সম্ভব নয়। বিবৃতিতে আনাসহ চারজনের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

বাহরাইন জানিয়েছে ওই চার সাংবাদিককে বিচারের মুখোমুখি হতে হবে। সূত্রঃ গার্ডিয়ান

/ইউআর/