চলে গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি

জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালিচলে গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি। কায়রোর একটি হাসপাতালে মঙ্গলবার তার মৃত্যু হয়। মঙ্গলবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দারিও রামিরেজ কারেনো। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯২২ সালের ১৪ নভেম্বর মিশরের কায়রোতে তিনি জন্মগ্রহণ করেন।
ঘালি ছিলেন ওই অঞ্চলের প্রথম ব্যক্তি যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঘালি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার ও উপসাগরীয় যুদ্ধ পরিস্থিতির সংকটকালে তিনি জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৪ সালে জাতিসংঘ রুয়ান্ডার গণহত্যা থামাতে না পারায় তিনি সমালোচিত হন। এছাড়া বসনিয়ায় ন্যাটো বাহিনীকে বোমা হামলা করতে সম্মতি না দেওয়ায় ওয়াশিংটন তার ওপর নাখোশ ছিল। এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ও দক্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: বিবিসি

/এনএস/এজে/