রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে আবারও অনুপ্রবেশ করে হামলার হুমকি দিয়েছে রুশ ভলান্টিয়ার কর্পস (আরডিকে) নামক আধাসামরিক বাহিনী। আরডিকের নেতা ডেনিস কাপুস্তিন এমন হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।
বেলগোরোদে সোমবারের (২২ মে) আন্তঃসীমান্ত হামলার দায় স্বীকার করেছে রুশ ভলান্টিয়ার কর্পস (আরডিকে) ও লিবার্টি রাশিয়া লিজিয়ন (এলএসআর)। ইউক্রেন থেকে রাশিয়ায় অনুপ্রবেশ করে অঞ্চলটিতে হামলা চালায় তারা।
ডেনিস বলেন, ‘অঞ্চলটিতে আমাদের আবার দেখা যাবে বলে আশাবাদী আমি’।
হামলার প্রায় ২৪ ঘণ্টা পর রুশ ভূখণ্ড ছাড়ার আগে রাশিয়া থেকে কিছু অস্ত্র জব্দ করতে পেরেছেন বলে দাবি করেন কাপুস্তিন। জব্দ করা অস্ত্রের মধ্যে একটি রুশ সাঁজোয়া যানও আছে বলেন তিনি।
ইউক্রেনে প্রবেশ করে সাংবাদিকদের কাপুস্তিন বলেন, ‘অভিযানের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট’।
রাশিয়া দাবি করছে হামলাকারীদের পিছু হঠে ইউক্রেনে ফিরে যেতে বাধ্য করেছে রুশ সেনারা। হামলাকারীদের মধ্যে অন্তত ৭০ জনকে হত্যার দাবিও করেছে মস্কো। রুশ প্রতিরক্ষে মন্ত্রী সের্গেই শোইগু ভবিষ্যতে এমন হামলা হলে তার ‘কঠিন জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছেন। হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেন।
হামলাকারীদের হত্যার রাশিয়ার দাবি পুরোপুরি অস্বীকার করেছে আরডিকে ও এলএসআর।
আরডিকে বলছে, তাদের কেবল দুই জন সদস্য আহত হয়েছেন। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে এলএসআর বলছে, তাদের দুই সদস্য নিহত ও প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছেন।
আরডিকে ও এলএসআরকে রাশিয়ার ‘ক্রেমলিন বিরোধী গোষ্ঠী’ বলে দাবি করছে ইউক্রেন। অপরদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর ‘নাশকতাকারী’ দলের সদস্য।
সূত্র: বিবিসি