ইউক্রেনের জয় প্রত্যাশা হবে বড় ভুল, আমরা এখনও শুরুই করিনি: রুশ দূত

ইউক্রেনে রাশিয়া এখনও গুরুত্ব সহকারে কাজ শুরু করেনি বলে মন্তব্য করেছেন ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। তিনি বলেছেন, যুদ্ধে ইউক্রেনের জয় প্রত্যাশা করা হবে বড় ভুল।

কেলিন বলেন, ‘আমরা শান্তি চাই। আমরা চাই ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার প্রতি কোনও হুমকি না থাকুক। ইউক্রেনে রাশিয়ানদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো আচরণ করা হবে। যেমনটা একজন ফরাসির সঙ্গে ইউক্রনীয়রা করে থাকে’।

তিনি বলেন, ‘যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এটা ভাবা হবে বড় আদর্শবাদী ভুল। রাশিয়া ইউক্রেনের চেয়ে ১৬ গুণ বড়। আমাদের প্রচুর সম্পদ রয়েছে। যদিও আমরা এখনও খুব গুরুত্ব সহকারে কাজ করা শুরু করিনি ইউক্রেনে’।

রুশ সেনারা কেবল তাদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড রক্ষা করছে জানিয়ে কেলিন বলেন, ‘দখলকৃত অঞ্চলে রুশ জনগণকে সেনারা সহায়তা করছে। আমরা ডনবাস পুনর্নির্মাণ করছি’।

সব কিছু যুদ্ধের পরিসীমার ওপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, ‘আগে-পরে যুদ্ধের মাত্রা বাড়বে। যদিও এমনটা ঘটুক তা আমরা চাই না। পূর্বশর্ত ছাড়া ইউক্রেনীয়রা আলোচনা চাইলে আমরা কালকেই শান্তি স্থাপন করতে পারি’।

সূত্র: দ্য গার্ডিয়ান