৩১ মে থেকে ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। প্রতিক্রিয়ায় সোমবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে সতর্ক অবস্থানে রেখেছে জাপান। টোকিও সাফ জানিয়ে দিয়েছে, অঞ্চলকে হুমকির মুখে ফেলবে এমন কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।
পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া বলছে, তারা তাদের প্রথম সামরিক গুপ্তচর স্যাটেলাইটের নির্মাণ শেষ করেছে। দেশটির শাসক নেতা কিম জং উন উৎক্ষেপণের জন্য চূড়ান্ত প্রস্তুতির অনুমোদন দিয়েছেন।
উত্তর কোরিয়া জাপানের উপকূলরক্ষীকে পরিকল্পিত উৎক্ষেপণের বিষয়ে জানানোর পর নিয়মিত ব্রিফিংয়ে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, ‘স্যাটেলাইটটির আমাদের দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে’।
বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইটটি একটি নজরদারি প্রযুক্তি কর্মসূচির অংশ। এর মধ্যে রয়েছে ড্রোন; যা যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিকসহ একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘উত্তর কোরিয়ার যে কোনও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যকলাপের নিন্দা প্রস্তাবের গুরুতর লঙ্ঘন হবে’।
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে উত্তর কোরিয়াকে উৎক্ষেপণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি’।
সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট