ইউক্রেন যুদ্ধ: কিয়েভে নতুন ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩

কিয়েভে বুধবার রাতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। ইউক্রেনীয় কর্মকর্তারা এসব নিশ্চিত করেছেন।

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা জোরদার করেছে রাশিয়া। সর্বশেষ হামলাগুলো পূর্ব ডেসনিয়ানস্কি এবং ডিনিপ্রোভস্কি জেলায় হয়েছে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে লিখেছে, নিহত শিশুদের একজনের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। অন্যটির বয়স ১২ বা ১৩ বছর। দুজনেই ডেসনিয়ানস্কি জেলার বাসিন্দা।

চলতি সপ্তাহে আক্রমণটি ছিল চতুর্থ। মে মাসে ইউক্রেনের রাজধানীতে এটি ১৭ নম্বর হামলা। এসবের বেশিরভাগই রাতে সংঘটিত হয়েছিল। কেবল একটি হামলা হয়েছে দিনের আলোয়।

হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ। এসবে দেখা গেছে, উদ্ধারকারীদল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, ‘শহরে একটি সিরিজ বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ এবং আগুন নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

এদিকে ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশের রুশ-সমর্থিত কর্মকর্তারা বলছেন, বুধবার একটি পোল্ট্রি ফার্মে ইউক্রেনের হামলায় ৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোডের পশ্চিম অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ‘শেবেকিনো শহরে হামলায় কমপক্ষে দুইজন আহত হয়েছেন।’

হামলার জন্য ইউক্রেনীয় সেনাদের দায়ী করেছেন তিনি।

তিনি বলেন, ‘শেবেকিনোর জন্য আবারও উত্তেজনাপূর্ণ রাত। ইউক্রেনীয় সেনারা এক ঘণ্টা ধরে শহরটিতে গোলাবর্ষণ করছিল।’

সূত্র: বিবিসি