থাইল্যান্ডে ব্রিটিশ তরুণী নিখোঁজ, ফেসবুকে সহায়তার আবেদন পরিবারের

ব্রিটিশ তরুণী গ্রেইস টেইলরথাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
ফেসবুকে দেওয়া সে আবেদনমূলক পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিখোঁজ তরুণীর নাম গ্রেইস টেইলর। তিনি একজন ব্যাকপ্যাকার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তার হদিস মিলছে না জানিয়ে ফেসবুকে পোস্টটি দিয়েছেন গ্রেইস টেইলরের মা স্যাম টেইলর।
তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ডোরসেট পুলিশ বরাবর একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেছেন তারা।  এরপর ২২ ফেব্রুয়ারি গ্রেইস তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
স্যাম টেইলরের দাবি, তার মেয়ে ক্রাবি প্রদেশের আও নাং থেকে ফোন করেছিলেন। ফোনে তিনি মায়ের কাছে জানিয়েছিলেন যে, তাকে কেউ আঘাত করার চেষ্টা করছে এবং অনুসরণ করছে। বাড়িতে ফেরার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।
ফেসবুকে স্যাম টেইলরের পোস্ট

স্যাম টেইলরের দাবি, তার মেয়ের কণ্ঠস্বর খুব ভীত মনে হচ্ছিল এবং তার মানসিক অবস্থা ভালো ছিল না। ফোনের পর মেয়েকে একটি ফ্লাইটের টিকিট বুক করে দেওয়া হলেও তিনি প্লেনে উঠতে পারেননি বলে দাবি করেছেন মা।
এরইমধ্যে পরিবারের এক সদস্য গ্রেইসকে ফিরিয়ে আনতে থাইল্যান্ড গেছেন বলে জানিয়েছেন স্যাম। সেই সঙ্গে তাদের সহায়তার জন্য ব্যাকপ্যাক কমিউনিটির প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি

/এফইউ/