নাইজারে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত ইকোওয়াস

নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের একটি দিন বেছে নিয়েছে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোওয়াস। ব্লকের রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, নাইজারে যে কোনও সময় সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত ইকোওয়াস।

ঘানার রাজধানী আক্রাতে পশ্চিম আফ্রিকার প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে দু’দিনের বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের মুসাহ বলেন, ‘দিন নির্ধারণ করা হলেও তা এখন প্রকাশ করা হবে না।’

গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখলে নেয় সামরিক জান্তা। তারই বাহিনীর কমান্ডার জেনারেল আবদুরাহমানে চিয়ানি পরদিন নিজেকে নাইজারের নতুন নেতা ঘোষণা করেন।

নাইজারের বন্দি প্রেসিডেন্টকে ছেড়ে দেওয়ার পাশাপাশি দায়িত্ব হস্তান্তরে গত ৬ আগস্ট পর্যন্ত জান্তাকে সময় বেঁধে দেয় ইকোওয়াস। ব্লকটি জানায়, এটি না মানলে বলপ্রয়োগ করা হবে।

তবে জান্তা সরকার তা প্রত্যাখ্যান করে। উল্টো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার হুঁশিয়ারি দেয় জান্তা। প্রতিক্রিয়ায় গত সপ্তাহে নাইজারে অভিযান চালাতে আঞ্চলিক একটি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয় ইকোওয়াস।

শুক্রবার মুসাহ বলেন, ‘নাইজারে স্বল্পতম সময়ে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা আমাদের মূল লক্ষ্য। নাইজারের বৈধ নেতা মোহাম্মদ বাজুমের মুক্তির আহ্বান জানাচ্ছি।’

সশস্ত্র জান্তা দ্বারা উৎখাত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বাজুম তার স্ত্রী এবং ছেলের সঙ্গে গৃহবন্দি আছেন।

সূত্র: সিএনএন