ইউক্রেনীয় শিশুদের নির্বাসন

১৩ রুশ নাগরিকের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনের শিশুদের জোরপূর্বক নির্বাসনে পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ১৩ ব্যক্তি এবং একটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা দেয়।   

ইউক্রেন সরকারের হিসাবে, গত বছর মস্কোর আগ্রাসনের পর থেকে অন্তত ১৯ হাজার ৫০০  শিশুকে তাদের বাড়ি থেকে নির্বাসন বা জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে রুশ কর্তৃপক্ষ ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া-অধিকৃত ক্রিমিয়াতে অবস্থিত রুশ সরকারের মালিকানাধীন আর্টেক নামে একটি ‘সামার ক্যাম্প’ আছে। ইউক্রেনীয় শিশুদের সেখানে ‘দেশপ্রেম বিষয়ক কার্যক্রমে’ আটকে রাখা হয়েছে। তাদের পরিবারে ফিরে যেতে বাধা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিদের মধ্যে আছেন, রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নরের এক উপদেষ্টা, রাশিয়ার কালুগা এবং রোস্তভ অঞ্চলের চিলড্রেন রাইটসের কমিশনার এবং চেচেন প্রজাতন্ত্রের সরকারের চেয়ারম্যান।

আন্তর্জাতিক অপরাধ আদালত মার্চে পুতিন এবং রাশিয়ার শিশু কমিশনার মারিয়া লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনের শিশুদের অবৈধভাবে নির্বাসনের দায়ে যুদ্ধাপরাধের অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।

সূত্র: আল জাজিরা