কৃষ্ণ সাগরে শস্য রফতানির বিকল্প দেখছে না তুরস্ক

কৃষ্ণ সাগরে শস্য রফতানির চুক্তির বিকল্প দেখছে না তুরস্ক। আঙ্কারার দাবি, অন্য যে কোনও বিকল্প স্রেফ ঝুঁকি নিয়ে আসবে।

কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে শুক্রবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘বর্তমানে শস্য রফতানির বিকল্প উপায় খোঁজা হচ্ছে। তবে এটাও সত্যি যে এই উপায়গুলো মূল উদ্যোগের বিকল্প বা ঝুঁকিমুক্ত হতে পারে না।’

তুরস্ক কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ বাড়াতে কাজ করে যাচ্ছে জানিয়ে ফিদান বলেন, ‘এই উদ্যোগের কারণে ৩৩ মিলিয়ন টনেরও বেশি শস্য এবং খাদ্য পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে। এ কারণে আমরা সব পর্যায়ের সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাব।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, ‘এই বিষয়ে আমাদের একটি প্রচলিত পদ্ধতি রয়েছে। উদ্যোগটি পুনরায় চালু করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

গত ১৭ জুলাই তিনটি ইউক্রেনীয় কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রফতানি পুনরায় শুরুর জন্য তুরস্কের মধ্যস্থতায় চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করে রাশিয়া।