মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য সবচেয়ে বড় লড়াই ‘সুপার টিউসডেতে’ ব্যাপক জয়ের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিতর্কে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প নিজ দলের প্রতিদ্বন্দ্বীদের তীব্র তোপের মুখে পড়েছেন। দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্পকে বর্জনের জন্য দলের প্রভাবশালী নেতাদের আহ্বানের একদিন পরই বিতর্কটি অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের সেই বিতর্কে ট্রাম্পকে আক্রমণ করতে গিয়ে অন্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীরা একরকম ঐক্যবদ্ধ হয়ে পড়েন। তবে তীব্র বিতর্ক সত্ত্বেও শেষ পর্যন্ত ট্রাম্পসহ সকল রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী শপথ নিয়েছেন, তাদের মধ্যে যিনি প্রার্থিতা নিশ্চিত করতে পারবেন বাকিরা তাকে সমর্থন দেবেন।
গত বছরের আগস্টে অনুষ্ঠিত প্রথম বিতর্কে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৭ জন। তবে বৃহস্পতিবারের বিতর্ক হয়েছে ৪ জনের মধ্যে। এদিন ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন কাসিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ফক্স নিউজ আয়োজিত ওই বিতর্কের শুরুতেই ট্রাম্পকে নিয়ে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির মন্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। বিতর্ক অনুষ্ঠিত হওয়ার আগে ট্রাম্পকে ধোঁকাবাজ উল্লেখ করে তাকে বর্জন করার আহ্বান জানিয়েছিলেন রমনি। আর তার প্রতিক্রিয়ায় রমনিকে ‘ব্যর্থ প্রার্থী’ বলে উল্লেখ করেন ট্রাম্প। উল্লেখ্য, ২০১২ সালের নির্বাচনে ডেমোক্র্যাট নেতা বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দিতা করে হেরে যান রমনি।
রমনি প্রসঙ্গ শেষ হওয়ার পর ট্রাম্পকে একের পর এক ইস্যু নিয়ে অন্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীরা প্রশ্নবিদ্ধ করতে শুরু করেন। ফ্লোরিডার সিনেটর এবং প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী মার্কো রুবিও ট্রাম্পকে তার পোশাক উৎপাদনের ব্যবসার জায়গা নিয়ে প্রশ্ন করেন। রুবিও জানতে চান যে, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প যদি দেশের ভেতরে কর্মসংস্থান বাড়াতে চান, তাহলে কেন তিনি তার পোশাক উৎপাদন কারখানাগুলো চীন ও মেক্সিকো থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে আনছেন না?
জবাবে রুবিওকে ‘ছোট মানুষ’ বলে সম্বোধন করে ট্রাম্প জানান, তিনি এরইমধ্যে তার কিছু পোশাক উৎপাদন কারখানা বিদেশ থেকে সরিয়ে আনতে শুরু করেছেন।
তবে ট্রাম্পের সে জবাবে সন্তুষ্ট হননি রুবিও। তিনি জোর গলায় বলে ওঠেন ‘এর উত্তর হলো তিনি এমনটা আসলে করতে যাচ্ছেন না....তিনি চীন ও মেক্সিকোতে পোশাক কারখানা পরিচালনা করেন কারণ সেখানে তা চালানো বেশি লাভজনক।’
পাল্টা জবাবে ট্রাম্প আবারও রুবিওকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘চিন্তা করবেন না ছোট মার্কো, আমি অবশ্যই প্রতিশ্রুতির বাস্তবায়ন করব।’
টেক্সাসের সিনেটর টেড ক্রুজের দাবি, ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার মানে হলো ভুল প্রার্থীকে মনোনয়ন দেওয়া। ডেমোক্র্যাট প্রার্থিতা প্রত্যাশী হিলারিকে একরকম প্রার্থী ধরে নিয়ে ক্রুজের দাবি, ট্রাম্প হিলারির বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। কারণ এ ট্রাম্পই একসময় হিলারিকে আর্থিক সমর্থন দিয়েছিলেন।
জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যিকার অর্থে এটি একেবারেই ব্যবসার খাতিরে করা হয়েছিল। আমি আপনাকে যদি একটু পরিষ্কার করে বলতে চাই তাহলে বলব যে হিলারি ক্লিনটন সর্বশেষ যে ব্যক্তিটির সঙ্গে লড়তে চান, তার নাম ট্রাম্প।’