'আফগানিস্তানে আইএসের কবর রচিত হবে'

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তার দেশ হবে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল জন্য কবরস্থান। এরইমধ্যে কোনও কোনও এলাকায় এ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। রবিবার আফগান পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আশরাফ ঘানি বলেন, নানগারহার প্রদেশের কিছু এলাকা সেনাবাহিনী আইএসমুক্ত করতে সক্ষম হয়েছে।

নাগারহার প্রদেশের আচিন ও শিনওয়ার জেলায় গত তিন সপ্তাহ ধরে আইএসবিরোধী অভিযান চালায় আফগান সেনারা। ওই অভিযানে সাফল্য অর্জনের প্রেক্ষিতে আফগান প্রেসিডেন্ট এসব কথা বলেন।

noname

ওই সামরিক অভিযানে আইএসের গোপন আস্তানা ও রেডিও স্টেশন ধ্বংস করা হয়। এই রেডিও স্টেশনের মাধ্যমে জঙ্গিরা নতুন নতুন সন্ত্রাসী রিক্রুট করার খবর প্রচার করতো।

তিন সপ্তাহের অভিযানে ওই এলাকায় অন্তত ২০০ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে সেনারা দাবি করেছে।

আফগান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল শারিন আকা জানিয়েছেন, অভিযানে স্থানীয় লোকজন সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। তারা রাস্তায় চেকপোস্ট বসিয়ে গ্রামাঞ্চলের নিরাপত্তা রক্ষা করেছে।

তিনি জানান, নানগারহার এলাকা থেকে আইএসকে নির্মূল করার জন্য সামরিক অভিযান চালানো হয়েছে।

আচিন ও শিনওয়ার জেলা হচ্ছে আফগানিস্তানের অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তবর্তী এসব এলাকার দখল নেয় আইএস সন্ত্রাসীরা। সূত্র: আল জাজিরা।

/এমপি/বিএ/