ইরাকের একটি নিরাপত্তা চেকপোস্টে আইএসের আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
রবিবার বাগদাদ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিল্লা শহরের কাছে ওই চেকপোস্টে জ্বালানিবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটনানো হয়। এতে প্রাথমিকভাবে ৪৭ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল।
এক বিবৃতিতে ইরাক ও সিরিয়াভিত্তিক সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় সময় রবিবার দুপুরে ট্যাঙ্কারটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় চেকপয়েন্টে বেশ কিছু গাড়ি দাঁড়ানো ছিল।
গত মাসেও ইরাকে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সময়ে বিভিন্ন আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ২০১৪ সালের মার্চে হিল্লার এ চেকপোস্টটিতে এক আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হন। সূত্র: আল জাজিরা।
/এমপি/