মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ

অস্ট্রেলিয়ায় উড্ডয়নের কিছুক্ষণ পরই মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এই ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ বলেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের কিম্বার্লি অঞ্চলের একটি ছোট শহর ক্যামবালিনের মাউন্ট অ্যান্ডারসন স্টেশনের কাছে। যখন হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়, তখন পাইলট দুজন সামান্য আহত হন। কিন্তু কিছুক্ষণ পরই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।

পুলিশ আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে, দুটি হেলিকপ্টার একজন করে পাইলট চালাচ্ছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জরুরি পরিষেবা সংস্থাকে দুর্ঘটনা সম্পর্কে প্রথম জানানো হয়। 

কিম্বার্লি অঞ্চলের পুলিশ সুপার স্টিভ থম্পসন বলেছেন, মোট চারটি হেলিকপ্টারের উড্ডয়নের কথা ছিল। কিন্তু প্রাথমিক আলামতে দেখা গেছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ক্যানবেরা ও ব্রিসবেন থেকে তদন্তকারীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

নিহত দুই পাইলটের একজনের বয়স ২৯ বছর। আরেকজনের ৩০ বছর বয়স। তাদের সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি। তবে তাদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।