জাপানের সুনামি

৫ বছর আগের ক্ষত বুকে নিয়ে নিহতদের স্মরণ

সুনামিতে নিহতদের স্মরণ করছে জাপাননানা আয়োজনের মধ্য দিয়ে ভয়াবহ ভূমিকম্প আর সুনামির পঞ্চম বর্ষপূর্তি পালন করছে জাপান । ২০১১ সালের এই দিনে ভূমিকম্প আর সুনামিতে নিখোঁজ ও প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৮ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার মানুষ।
দিনটিকে স্মরণ করে স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে এক মিনিট নীরবতা পালন করবে জাপান। প্রধানমন্ত্রী শিনজো আবে এবং সম্রাট আকিহিতো টোকিওতে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত থাকবেন।
২০১১ সালের ১১ মার্চ শুক্রবার বেলা ২টা ৪৬ মিনিটে জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ৮.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আর ভূমিকম্প সৃষ্ট সুনামি তোহকু অঞ্চলের প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকা ভাসিয়ে নিয়ে যায়। প্রবল বেগে ছুটে চলা পানির উচ্চতা ৪০ মিটার পর্যন্ত উঠে যায়। বিশ্বে নথিভুক্ত এ যাবৎকালের মারাত্মক সুনামিগুলোর মধ্যে এটি রয়েছে ৪ নম্বরে। প্রাপ্ত তথ্যমতে, এই সুনামি ও ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১৫ হাজার ৮৫৪ জন। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ২৭২ জন।
জাপানে দ্রুত পুনঃনির্মাণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কিন্তু মানুষের মনে এখনও পাঁচ বছর আগের পুরনো ক্ষত বিদ্যমান। স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপণকর্মী এইকি কুমাগাই সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘স্থাপনাগুলো আগের জায়গায় ফিরে আসছে, কিন্তু আমাদের হৃদয় আগের জায়গাতে নেই। আশা করছি, সময়ের সঙ্গে সঙ্গে সে ক্ষতও প্রশমিত হবে। আমার চোখে কেবল নিহতদের ছবিগুলোই ভাসছে। যে অনুতাপ বোধ করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

সুনামিতে বিধ্বস্ত জাপান

পাঁচ বছর আগের ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেরও বিপর্যয় ঘটে। ফুকুশিমার দাইচি প্ল্যান্ট বন্ধ করা হলেও তেজস্ক্রিয় পানি সাগরে মিশতে শুরু করে। এটিকে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়।

ওই বিপর্যয়ের পর থেকেই পারমাণবিক কেন্দ্র বন্ধের দাবি ওঠে জাপানে। সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে জাপানের পশ্চিমাঞ্চলীয় তাকাহামার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি প্ল্যান্ট বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ওই বিদ্যুৎকেন্দ্রটি নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগ করেন সেখানকার অধিবাসীরা। এরই প্রেক্ষিতে সেটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আদালত।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে,পশ্চিমাঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দুটি প্ল্যান্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে জাপানে চালু থাকা কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উপর প্রথমবার আদালতের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

সূত্র: বিবিসি  

/এসএ/এফইউ/