ভারতে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রবিবার (১১ আগস্ট) বিএসএফ জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে।
বিএসএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অনুপ্রবেশের সময় ১১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তে দুজন করে এবং সাত জনকে মেঘালয় সীমান্ত থেকে আটক করা হয়েছে।
বিএসএফ-এর একজন মুখপাত্র বলেছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তা শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রাজ্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেছেন, দ্বিপক্ষীয় ইস্যু, বিশেষ করে বাংলাদেশে ভারতীয় নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন ঠেকাতে বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিএসএফ।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত বাহিনীর কলকাতা সদর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) রবি গান্ধী ভারত ও বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা পর্যালোচনা করতে একটি বৈঠক করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ১৫ আগস্ট দেশটির আসন্ন স্বাধীনতা দিবস ও ‘বাংলাদেশের চলমান অস্থিরতা’র প্রেক্ষাপটে এই বৈঠক হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করেছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি এই কমিটির প্রধান হবেন।