টানা দুইদিনের ভারী বৃষ্টি ও ভূমিধসে নেপালে এখন পর্যন্ত ১শ’ ২৯ জন প্রাণ হারিয়েছেন। ৬২ জন এখনও নিখোঁজ। এ অবস্থায় রবিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ পরবর্তী তিনদিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
প্রবল বন্যায় কাঠমান্ডু উপত্যকার যান চলাচল ও স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটেছে। চল্লিশ লাখ মানুষের এই অঞ্চলের এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩৭ জনের।
কর্তৃপক্ষ বলেছে, বৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, মেরামতের আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লাক্সমি ভাট্টারাই বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় তিনদিনের জন্য বিদ্যালয় বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছি।’
বিশেষজ্ঞরা বলেছেন, রাজধানীর কিছু এলাকায় ৩শ ২২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে দেশের অন্যতম প্রধান নদী বাগমাতির পানির স্তর বিপদসীমার ৭ ফুট ওপরে পৌঁছে যায়।
অবশ্য রাজধানীর একজন আবহাওয়া সংবাদদাতা জানিয়েছেন, রবিবার সকালে বৃষ্টির তীব্রতা কমে আসায় জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে।
প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ঘেরা এই দেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষ মারা যায়।