মার্কিন নির্বাচনে বুথফেরত জরিপে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ১৫টি অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ওয়াশিংটন ডি.সি. ও সাতটি অঙ্গরাজ্যে জিতেছেন। এমনটাই এডিসন রিসার্চ অনুমান করেছে। তবে এই নির্বাচনের ফলাফল এখনও অনিশ্চিত রয়ে গেছে, কারণ গুরুত্বপূর্ণ স্যুইং স্টেটগুলোতে ফল ঘোষণা হতে কয়েক ঘণ্টা বা কয়েকদিনও লেগে যেতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইলিনয় অঙ্গরাজ্য ও রোড আইল্যান্ডে জয়লাভ করেছেন হ্যারিস। আর ট্রাম্প পেয়েছেন লুইজিয়ানা ও মিসিসিপিতে জয়।
ওই খবরে আরও বলা হয়েছে, নিউইয়র্কে জয়লাভ করেছেন কমলা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৬২টি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস ৮১টি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।