গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহর লুট করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ওই ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ সোমবার এই তথ্য দিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউএনআরডব্লিউএ-র সিনিয়র ইমারজেন্সি অফিসার লুইস ওয়াটারিজ রয়টার্সকে বলেছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে খাদ্যের ওই বহর নিয়ে আসছিলো তাদের সংস্থা। খাদ্যবাহী এই বহরকে অল্প সময়ের নোটিশে কেরেম শালোম সীমান্ত পেরিয়ে একটি অপরিচিত পথ ধরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তারপরেই ওই লুটপাটের ঘটনা ঘটে।
তিনি বলেছেন, এই ঘটনার মাধ্যমে দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে প্রবেশাধিকারের গুরুতর চ্যালেঞ্জ সামনে উঠে এসেছে।
গাজার চলমান সংকটের মধ্যে ত্রাণ সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবরোধ ও সংঘাতের কারণে ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে প্রতিনিয়ত জটিলতা বাড়ছে। এ ধরনের লুটপাট কেবল মানবিক সহায়তার পথকে আরও কঠিন করে তোলে, যা ফিলিস্তিনি ক্ষুধার্ত ও বিপদগ্রস্ত জনগোষ্ঠীর জন্য উদ্বেগজনক।