যুক্তরাষ্ট্রের রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে রাতের অন্ধকারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
উদ্ধারকার্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে গেছে। এর ধ্বংসাবশেষ এখন পানির পাঁচ থেকে আট ফুট নিচে নিমজ্জিত আছে।
তবে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি উল্টো হয়ে থাকলেও এখন পর্যন্ত সেটি অক্ষত আছে বলেই প্রতিবেদনে জানানো হয়।
সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধারকাজে ডুবুরিদের মোতায়েন করা হয়েছে। তারা ব্ল্যাক বক্স সদৃশ দুটি বস্তু উদ্ধার করতে পেরেছেন।
এছাড়া, ডুবুরিরা উড়োজাহাজের কেবিনে প্রবেশ করে তারা কয়েকটি লাগেজ উদ্ধার করেছেন।
তদন্তকারীরা পাইলটের চালনা বিষয়েও তদন্ত করবেন বলে ধারণা করা হচ্ছে। কেননা, ওয়াশিংটন ডিসি ও এর আশেপাশে নির্ধারিত আকাশসীমায় হেলিকপ্টারের ২০০ ফুট উচ্চতার নীচ দিয়ে চালনার নিয়ম রয়েছে।