ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা কানাডার

মার্কিন শুল্কের হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় কানাডা। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই কথা বলেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী ম্যারি নগ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের একটি দিক হচ্ছে বাণিজ্য চুক্তি। এর ইতিবাচক ফল আমরা দেখতে পাচ্ছি। এখন ২৭ সদস্য রাষ্ট্রের বাজারে আমাদের ব্যবসার প্রসার কীভাবে আরও সহজ করা যায় এবং একইভাবে কানাডায় ইইউভিত্তিক ব্যবসার জন্য কী করা যেতে পারে, তা আমাদের খতিয়ে দেখতে হবে।

ইইউর বাণিজ্য বিভাগের প্রধান ম্যারোস সেফকোভিচের সঙ্গে তিনি শনিবার সাক্ষাৎ শেষে এ কথা বলেন। এর আগে শুক্রবার জেনেভায় বিশ্ববাণিজ্য সংস্থার প্রধান নোগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করেছেন তিনি।

নগ বলেছেন, ইইউর সঙ্গে কানাডার বাণিজ্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ খনিজ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এদিকে, ইইউ পরিবেশবান্ধব জ্বালানি খাতে ব্যবহৃত কোবাল্ট, লিথিয়াম এবং নিকেলের মতো ধাতুর সরবরাহ নিশ্চিত করতে চীন নির্ভরতা কমানোর জন্য নতুন অংশীদার খুঁজছে।

২০১৭ সাল থেকে ইইউ এবং কানাডার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর রয়েছে। এই চুক্তির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ২০২১ সালে উভয় পক্ষ কাঁচামাল সরবরাহ শুরু করেছে।

কানাডার বাণিজ্যমন্ত্রী বলেছেন, আমরা নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থায় বিশ্বাসী। তাই সব ধরনের কৌশলগত বিকল্প আমাদের বিবেচনায় রয়েছে।