পুতিনের ঘনিষ্ঠ পাদ্রিকে হত্যার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে আটক ২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক পাদ্রিকে হত্যার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি গির্জার দুই ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওই ব্যক্তিদের আটকের খবর প্রকাশের পর সংস্থাটি দাবি করেছে, ওই হত্যার আদেশ দিয়েছিল ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এফএসবি থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতার দুই ব্যক্তিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা ২০২৪ সালের মাঝামাঝি সময় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিয়োগ দিয়েছিলেন।

হত্যার লক্ষ্য ছিলেন ৬৬ বছর বয়সী তিখোন শেভকুনোভ। রুশ সংবাদমাধ্যম তাকে পুতিনের কনফেসর বলে আখ্যায়িত করে থাকে। ১৯৯০ এর দশক থেকে পুতিনের সঙ্গে প্রকাশ্য সখ্যতা বজায় রেখেছেন তিনি।

হত্যার চক্রান্তে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এটা আবার প্রমাণিত হলো, কিয়েভের কাছে কোনও কিছুই পবিত্র নয়। তারা লক্ষ্য পূরণে কোনও কিছুতেই পিছপা হবে না।

আটকদের একজন হচ্ছেন মস্কোর গির্জার এক রুশ যাজক নিকিতা ইভানকোভিচ। আরেকজন হচ্ছেন শেভকুনোভের সহকারী হিসেবে কাজ করা ডেনিস পোপোভিচ, যিনি জাতিতে ইউক্রেনীয়।

রুশ কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ করেছে। অবশ্য হত্যার চক্রান্তে জড়িত থাকার জবানবন্দি তারা কোন পরিস্থিতিতে দিয়েছে, তা নিশ্চিত করা যায়নি। 
এই অভিযোগের জবাবে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি কিয়েভ।

যুদ্ধ শুরুর পর থেকে একাধিক রুশ কর্মকর্তার গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর সর্বশেষ ঘটনা ছিল, গত ডিসেম্বরে নিহত রুশ পারমাণবিক, জৈব ও রাসায়নিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইগোর কিরিলোভ।