গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তাদের মৌলিক দাবি পূরণে ব্যর্থ, অভিযোগ হামাসের

মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের মৌলিক দাবির প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে প্রস্তাবগুলো তারা এখনও যাচাই করে দেখছে। হামাস কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সর্বশেষ প্রস্তাবটি যুদ্ধের অবসান ঘটানোসহ অন্যান্য ক্ষেত্রে হামাসের মৌলিক দাবি পূরণে ব্যর্থ হয়েছে। তারা প্রস্তাবটি আরও পর্যালোচনা করে সঠিক সময়ে জবাব দেবেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বৃহস্পতিবার দাবি করা হয়, বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে। তেল আবিব তাতে স্বাক্ষর করার পর প্রস্তাবটি হামাসের কাছে পেশ করা হয়। এখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির সিদ্ধান্তের অপেক্ষা করছে ওয়াশিংটন।

যুদ্ধবিরতি প্রস্তাবে স্বাক্ষরের বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের বরাতে বিবিসির দাবি, বৃহস্পতিবার জিম্মিদের পরিবারের কাছে মার্কিন প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী ১০ জন জিম্মি এবং ১৮ জিম্মির মরদেহ হস্তান্তর করবে হামাস। বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি ইসরায়েলি কারাগারে থাকা ১২৫ জন ফিলিস্তিনিকে ছেড়ে দেবে তেল আবিব।