পিএসজি সমর্থকদের জয়োল্লাস রূপ নিলো সহিংসতায়, নিহত ২ এবং আটক ৫ শতাধিক

ফুটবলের অন্যতম জনপ্রিয় আসর চ্যাম্পিয়নস লিগ জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। তবে উৎসবের মাত্রাটা এতোটাই বেশি হয়ে যায় যে, দুই জনের প্রাণহানির পাশাপাশি ১৯২ জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার (১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ট্রফি জেতার উদ্‌যাপনের সময় এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে ফ্রান্সের রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্‌যাপন শুরু হয়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছু স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৫৫৯ জনকে আটক করা হয়েছে।

চ্যাম্পস এলিসিস এলাকায় যাত্রীছাউনিতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তারা দায়িত্বরত দাঙ্গা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উন্মত্ত জনতার ওপর কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, দেশব্যাপী আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুই শতাধিক বাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ২২ জন সদস্য এবং দমকলবাহিনীর অন্তত সাতজন সদস্য আহত হয়েছেন।