ক্ষমতা ধরে রাখা নিয়ে আবারও বেকায়দায় পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তার ঘনিষ্ঠ সহযোগী ও ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব হিরোশি মোরিয়ামার পদত্যাগের ঘোষণায় এই নতুন সংকট দেখা দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এলডিপির পূর্ণাঙ্গ বৈঠক শেষ আয়োজিত সংবাদ সম্মেলনে মোরিয়ামা জানান, গত ২০ জুলাই পার্লামেন্টের উচ্চকক্ষে দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর দায় মেনে নিয়ে পদত্যাগ করতে চান তিনি। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত বিবেচনা করবেন বলেও উল্লেখ করেছেন মোরিয়ামা।
মঙ্গলবার দলীয় বৈঠকে উভয় কক্ষের সদস্যদের উপস্থিতিতে নির্বাচনে ভরাডুবির কারণ নিয়ে আলোচনা করেছে এলডিপি। বৈঠকে নেতৃত্ব পরিবর্তনে আগাম নির্বাচনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিরোধীদের তরফ থেকে পদত্যাগের দাবি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আসছেন ইশিবা। মঙ্গলবার একই সুরে তিনি বলেন, আপাতত গদি ছাড়ার ইচ্ছে তার নেই। আর মোরিয়ামার পদত্যাগের বিষয়টি নিয়ে তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়া, নির্বাচনি ব্যর্থতার দায় নিয়েও উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।