বেইজিং রেলস্টেশনে দেখা গেছে কিমের ট্রেন

চীনের রাজধানী বেইজিংয়ে উত্তর কোরিয়ার পতাকা সংবলিত একটি বিশেষ ট্রেন চলতে দেখা গেছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ব্যবহৃত ট্রেনের সঙ্গে ওই বাহনের সাদৃশ্য ছিল বলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্স প্রতিনিধিকে প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ট্রেনটি দেখা যাওয়ার কিছুক্ষণ পরই বেইজিং রেলস্টেশন থেকে উত্তর কোরিয়ার পতাকাবাহী মোটরযানের একটি বহর বের হতে দেখা যায়।

বুধবার বেইজিংয়ে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের স্মরণে সামরিক কুচকাওয়াজ। ওই আয়োজনে কিম জং উন অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ওই কুচকাওয়াজে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

কিম জং উন ২০১১ সালের শেষ দিকে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফরে বিশেষায়িত ওই ট্রেনটি ব্যবহার করে আসছেন তিনি। কিছুটা ধীরগতির হলেও নিরাপদ যাতায়াত মাধ্যম হিসেবে দেশটির শাসকগোষ্ঠী বহু বছর ধরেই ওই রেলগাড়িটিতেই যাতায়াত করে থাকেন।