মঙ্গলবার মিসরের স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। পরে বিমানটি সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়। পাইলট দাবি করেছেন, ‘ছিনতাইকারী’ তার গায়ে বিস্ফোরক বেল্ট রয়েছে বলে হুমকি দিয়ে বিমানটি সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করেন।
কিছুক্ষণ পর বিমানের ক্রু আর ৪ বিদেশি নাগরিককে রেখে বেশিরভাগ জিম্মিকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বেশ কয়েক ঘণ্টা জিম্মি করে রাখা হয়।
এদিকে জিম্মিদশার অবসান হলেও এখন বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে রহস্য রয়ে গেছে। মিসরের বিমান ছিনতাইকারীর আসল নাম কী? ছিনতাইয়ের নেপথ্যে প্রেম নাকি সন্ত্রাসবাদ? ছিনতাইকারী কি সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন নাকি রাজনৈতিক দাবি জানিয়েছেন? এসব নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য এবং সংবাদমাধ্যমে আসা বিভিন্ন রকমের তথ্যের প্রেক্ষাপটে বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে রহস্য তৈরী হয়।
শুরুতে কথিত ছিনতাইকারীর নাম ইবরাহিম সামাহা বলে জানানো হলেও পরে জানানো হয়, তার নাম সাইফ এলদিন মুস্তফা। বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে ‘ছিনতাইকারী’ সাবেক স্ত্রীকে চিঠি পৌঁছে দেওয়ার ব্যক্তিগত দাবি পূরণের শর্ত দিয়েছেন বলে জানানো হলেও পরে জানা যায়, ওই ‘ছিনতাইকারী’ মিসরের নারী বন্দিদের মুক্তির রাজনৈতিক দাবি জানিয়েছিলেন। এদিকে মিসর কর্তৃপক্ষ শুরুতে সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বলে গার্ডিয়ানের খবরে জানানো হলেও পরে দেশটির পররাষ্ট্র দফতরের তরফে তা অস্বীকার করা হয়েছে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/