ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে প্রথমবারের মতো সামরিকভাবে সক্রিয় হয়েছে পোল্যান্ড। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলার সময় সীমান্ত সংলগ্ন পোলিশ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার ড্রোন সদৃশ বস্তু ধ্বংসের দাবি করেছে ওয়ারশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পোল্যান্ডের সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, আমাদের নিজস্ব ও ন্যাটো (পশ্চিমাদের সামরিক জোট) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা রাশিয়ার ড্রোন সদৃশ বস্তু চিহ্নিত ও ধ্বংসের অভিযান জারি আছে। ভূপাতিত বস্তু খুঁজতে সেনা সদস্যরা মাঠে আছেন।
পোডলাস্কি, মাযোউইকি এবং লাবলিন অঞ্চল হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে উল্লেখ করে স্থানীয় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে পোলিশ সেনাবাহিনী।
যে কোনও ঘটনায় তাৎক্ষণিক জবাবের প্রস্তুতি আছে জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পোলিশ প্রতিরক্ষামন্ত্রী লাডিসল কোজিনিয়াক-কামিসয জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেছে পোলিশ বিমান এবং তারা ন্যাটো কমান্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
পোলিশ কর্তৃপক্ষ ওই হামলার পর রাজধানী ওয়ারশতে অবস্থিত চোপিন এয়ারপোর্টসহ দেশের চারটি বিমানবন্দর বন্ধ রেখেছে বলে জানিয়েছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে পোল্যান্ডের কোনও কর্মকর্তা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেননি।
এই ঘটনায় মন্তব্যের অনুরোধে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি রয়টার্স।
তবে মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ন্যাটো সদস্যদেশের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়া প্রমাণ করেছে, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোকে প্রতিরক্ষার মার্কিন প্রতিশ্রুতি যাচাই করছেন পুতিন। রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন বলেছেন, পোল্যান্ডে রুশ ড্রোন হামলা মূলত ন্যাটোর মিত্রের ওপর আক্রমণ এবং একে তিনি 'যুদ্ধের ঘোষণা' বলে অভিহিত করেছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যা রুশ যুদ্ধযন্ত্রকে দেউলিয়া করবে।
২০২২ সালে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিস্ফোরিত হয়ে দুইজন নিহত হওয়ার পর থেকে দেশটি আকাশসীমায় প্রবেশকারী বস্তুর বিষয়ে উচ্চ সতর্কতায় রয়েছে। তবে এর আগে পোলিশ বা মিত্র বাহিনী বিরুদ্ধে ড্রোন ভূপাতিত করার তথ্য পাওয়া যায়নি।
এদিকে, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাদ’ ঘিরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বেলারুশ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। একই কারণে লিথুয়ানিয়া জানিয়েছে, তারা বেলারুশ ও রাশিয়ার সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে।