জাপান থেকে ব্রাজিল: বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়াতে পারে নির্বাচন

২০২৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নির্বাচন বিনিয়োগকারীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে, যার প্রভাব পড়তে পারে শেয়ারবাজার, মুদ্রা ও বন্ডে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে যায়। ২০২৬ সালে একাধিক বড় অর্থনীতির নির্বাচনের কারণে বাজারে এই প্রবণতা আরও জোরালো হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপান, ব্রাজিল, হাঙ্গেরি ও কলম্বিয়াসহ একাধিক দেশের আসন্ন নির্বাচন অর্থনৈতিক নীতি ও বাজেট ব্যয়ের দিকনির্দেশনা বদলে দিতে পারে। ফলে শেয়ারবাজার, সরকারি বন্ড ও মুদ্রাবাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল যদি বাজারবান্ধব নীতির বিপরীতে যায়, তাহলে বিনিয়োগকারীদের আস্থা দ্রুত দুর্বল হয়ে পড়তে পারে, বিশেষ করে উদীয়মান অর্থনীতিগুলোতে।

জাপানে সম্ভাব্য আর্থিক প্রণোদনা সরকারি ঋণ ও ইয়েনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। ব্রাজিলে নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা বিনিয়োগ নীতি নিয়ে প্রশ্ন তুলছে। ইউরোপে হাঙ্গেরির নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ও বাজার আস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

বিশ্ব অর্থনীতি ইতোমধ্যে উচ্চ সুদের হার, ভূরাজনৈতিক উত্তেজনা ও ধীর প্রবৃদ্ধির চাপের মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের নির্বাচনগুলো বিনিয়োগকারীদের ঝুঁকি মূল্যায়ন আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।