ইরানের সঙ্গে চলমান উত্তজনা নিরসনে ইসলামাদাবাদে অনুষ্ঠিত যাওয়া বৈঠকে দুটি প্রধান লক্ষ্যকে সামনে রাখছে যুক্তরাষ্ট্র। মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের অবাধ অধিকার নিশ্চিত করতেই এই আলোচনার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আল-জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি রোজাল্যান্ড জর্ডানের বরাত দিয়ে জানানো হয়েছে, দীর্ঘদিনের সংঘাতের মূলে থাকা অনেকগুলো বিষয়ের মধ্যে এই দুটি পয়েন্টেই এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের প্রধান দুই লক্ষ্য:
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ: ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করা। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই কর্মসূচির বিরোধিতা করে আসছে।
হরমুজ প্রণালি উন্মুক্ত করা: সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান দাবি হলো হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করা। বর্তমানে এই জলপথ ব্যবহারের জন্য ইরান যে প্রবেশ ফি বা ট্রানজিট ফি আদায় করছে, তার অবসান ঘটিয়ে জলপথটির ওপর তেহরানের একক নিয়ন্ত্রণ বন্ধ করতে চায় ওয়াশিংটন।