দেশে ফেরত পাঠানো হচ্ছে সেই ‘প্রেমরোগগ্রস্ত রোমিও’কে

সাইপ্রাসের প্রেসিডেন্টের কাছে ‘প্রেমরোগগ্রস্ত রোমিও’ আখ্যা পাওয়া মিসরীয় বিমান ছিনতাইকারী   সাইফ এলদিন মুস্তফাকে দেশে ফেরত পাঠানো হবে। মিসর কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সাইপ্রাস। মিসরের বিমান ছিনতাই করে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করানোর দায়ে অভিযুক্ত ওই মিসরীয় নাগরিককে দেশে ফেরত পাঠাতে এরইমধ্যে আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

৬ ঘণ্টার নাটকীয়তার পর আত্মসমর্পণ করেন মুস্তফা

গত ২৯ মার্চ মিসরের স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয়। পরে বিমানটি সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়। পাইলট দাবি করেছেন, ‘ছিনতাইকারী’ তার গায়ে বিস্ফোরক বেল্ট রয়েছে বলে হুমকি দিয়ে বিমানটি সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করেন। কিছুক্ষণ পর বিমানের ক্রু আর ৪ বিদেশি নাগরিককে রেখে বেশিরভাগ জিম্মিকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বেশ কয়েক ঘণ্টা জিম্মি করে রাখা হয়। প্রায় ৬ ঘণ্টার নাটকীয়তার পর অবশেষে ওই ‘ছিনতাইকারী’ আত্মসমর্পণ করেন। পরেরদিন মুস্তফাকে ৮ দিনের আটকাদেশ দেয় সাইপ্রাস কর্তৃপক্ষ।

১৯৯৬ সালের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় মুস্তফাকে হস্তান্তর করতে মিসরের রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের তরফে সম্প্রতি সাইপ্রাস কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়। আর সে অনুরোধে সাড়া দিয়েছে সাইপ্রাস। দেশটির এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ‘মুস্তফাকে মিসরে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ এ আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। আর সে সময় পর্যন্ত মুস্তফাকে পুলিশি হেফাজতে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।
সাইফ এলদিন মুস্তফাকে আদালতে নেওয়ার ছবি


মুস্তফাকে শুরু থেকেই মানসিকভাবে অস্থিতিশীল বলে উল্লেখ করে আসছে সাইপ্রাস কর্তৃপক্ষ। পুলিশের বরাতে আল জাজিরা জানায়, মুস্তফা এরইমধ্যে ছিনতাইয়ের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অবশ্য এর আগে মুস্তফা দাবি করেছিলেন তিনি ছিনতাইকারী নন। তার দাবি, সাইপ্রাসে থাকা সাবেক স্ত্রী ও সন্তানকে দেখতে তিনি বিমান ছিনতাইয়ের মতো পরিস্থিতি তৈরি করেছেন। অবশ্য সাইপ্রাসের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তফার স্ত্রী বলেছেন তাদের ৫ বছরের সংসার জীবনের সময়টুকু তার জীবনের কালো অধ্যায়। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/